Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২২:২৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

ঢাকা: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চল বন্যা ও খরার মতো দুর্যোগ থেকে মুক্ত হয়ে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।’

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর বাস্তবায়নাধীন ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ উপলক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘ষড়ঋতুর এ দেশে দুর্যোগ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে সব হারানো মানুষের পাশে আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘বন্যার আগাম পূর্বাভাস ও সতর্কবার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য স্থানীয় পর্যায়ে আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থা আরও কার্যকর করা হচ্ছে।’

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যাপ্রবণ গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার ১৯টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৌসুমি বন্যার আগাম পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন এবং আগাম সতর্কবার্তা প্রচারের মাধ্যমে জনগোষ্ঠীকে বন্যার ঝুঁকি মোকাবিলায় সহায়তা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

এছাড়া বক্তব্য দেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।