কুষ্টিয়া: সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ভারতীয় ২ হাজার ২৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা অস্ত্র, গুলি ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার মানিকেরচর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাত ৩টার দিকে প্রাগপুর বিওপির একটি টহল দল গরুরা ঈদগাহ এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ২৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও চোরাচালানি পণ্য আইনগত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।