Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন / সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২০:০৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২২:১৫

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) থাই এয়ারওয়েজের একটি বিমানে বেলা ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মূল সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার পরিকল্পনা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে তিনি দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা জানান, বুধবার (২২ জুলাই) থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে এবং সে কারণেই হয়তো সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন।

বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের জন্য স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র প্রদান করার নিয়ম রয়েছে। অন্যদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’ হিসেবে কার্যভার গ্রহণ করবেন।

এ ছাড়া সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। এর আগে, ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৭৮ দিন দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর