বাগেরহাট: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না বলে ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিভিন্ন স্তরের মানুষের মতামত নিয়ে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই প্রার্থী চূড়ান্ত করা হবে; কোনো একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক দল। আমরা সব সময় তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। অন্য দলের মতো নয়, বিএনপির কার্যক্রমে ভিন্নতা ও ব্যতিক্রমী গণতান্ত্রিক চর্চা লক্ষ্য করা যায়।
এ সময় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে বা দলীয় পরিচয় ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি বা মাদক কারবারে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী।
মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও মাহবুবুর রহমান মানিক,বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, আবু তালেব হাওলাদার, নাসির তালুকদার, গোলাম নুর জনি এবং মুক্তিযোদ্ধা নেতা আবু হানিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।