Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযান, মাদকসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২৩:৪২

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী থানার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

বিজ্ঞাপন

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পরে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা এবং ফেয়ারডিলের মূল্য প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম