Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে’

স্টাপ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২৩:০৫

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

চট্টগ্রাম: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। সমন্বিত সামাজিক উদ্যোগের মাধ্যমে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার (২২ আগস্ট) চট্টগ্রামের হালিশহর সিভিক সেন্টারে জেলা পুলিশ বিভাগ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অপরাধীর কোনো দল, কোনো গোত্র, কোনো বর্ণ নেই। অপরাধী অপরাধী। অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের এটি একটি প্রতিশ্রুতি। একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এ প্রতিশ্রুতি বাস্তবায়নে যতটুকু ভূমিকা রাখা দরকার, তা রাখব।

বিজ্ঞাপন

মীর হেলাল উদ্দীন বলেন, ইনশাআল্লাহ এই চট্টগ্রামকে মাদকমুক্ত, অস্ত্রবাজমুক্ত এবং চাঁদাবাজমুক্ত করে ছাড়ব। এ জন্য আপনাদের সহযোগিতা চাই।

মাদকবিরোধী কার্যক্রমে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী বা বিচারকদের ওপর নির্ভর করলে হবে না উল্লেখ করে মীর হেলাল উদ্দীন বলেন, মাদক নির্মূলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই এ আন্দোলনকে এগিয়ে নিতে হবে। এখন শুধু কথা বলার সময় নয়, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়। এই ব্যবস্থা শুধু পুলিশ নেবে, শুধু আইনজীবীরা নেবেন বা বিচারকরা নেবেন, তা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন একটি সমন্বিত প্রচেষ্টা।

জঙ্গল সলিমপুরে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেখানে মাদক ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের জন্য আলাদা কারাগারের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে সাধারণ অপরাধীদের সঙ্গে মাদকচক্রের সংস্পর্শ কমানো সম্ভব হবে।

আয়োজিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা, বিচার বিভাগ ও আইনজীবী সমাজের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন।

সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।