Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২২:৫৯

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ জয় দিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শনিবার ডারউইনের মারারা ওভালে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বোলারদের দাপটের পর জিশান আলম ও আরিফুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১০.২ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলিং আক্রমণ। একপর্যায়ে মাত্র ১৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে নেপাল। সেখান থেকে ওপেনার কুশল ভুর্তেলের লড়াইয়ে কোনোমতে তিন অঙ্কের কাছাকাছি পৌঁছায় তারা।

ভুর্তেল ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেললেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রানের বেশি করতে পারেনি নেপাল। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অফস্পিনার মো. রুবেল। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে চার উইকেট তুলে নেন তিনি।

বিজ্ঞাপন

রুবেলের সঙ্গে নেপালের ব্যাটিং ধসে ভুমিকা রেখেছেন বাংলাদেশের অন্য বোলাররাও। রোহানাত দৌল্লাহ বর্ষণ, রিপন মণ্ডল ও সামিউন বাসির একটি করে উইকেট নেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে বড় সংগ্রহের সুযোগই দেয়নি বাংলাদেশ।

১০০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হাবিবুর রহমান সোহানকে ৭ রানে হারায় বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলাতে বেশি সময় লাগেনি। দ্বিতীয় উইকেটে জিশান আলম ও আরিফুল ইসলাম মিলে ম্যাচটিকে একপেশে করে দেন।

ব্যাট হাতে ঝড় তোলেন জিশান। মাত্র ২৯ বলে অপরাজিত ৫২ রান করেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। অন্য প্রান্তে আরিফুলও ছিলেন আগ্রাসী, ২৭ বলে করেন অপরাজিত ৩৪ রান।

দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১০.২ ওভারেই ১০১ রান তুলে ফেলে বাংলাদেশ। ফলে ৫৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় নিশ্চিত হয় এইচপি দলের।

টুর্নামেন্টের শুরুতেই এমন দাপুটে পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। বাংলাদেশ এইচপি দলের পরবর্তী ম্যাচ রোববার। একই ভেন্যু মারারা ওভালে তাদের প্রতিপক্ষ হোবার্ট হারিকেনস একাডেমি।