ফরিদপুর: বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে ইলেক্ট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ইলেক্ট্রিশিয়ানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২ টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পুলিশ পরিদর্শক আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার ছুটিতে তিনি বাড়িতে আসেন।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক আবীর হোসেন জেলা শহরের খোদাবক্স রোড এলাকায় জায়গা ক্রয় চারতলা ভবন নির্মাণ করেন। শনিবার দুপুরে নতুন বাড়িটির ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে আবীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত ইলেকট্রনিক মিস্ত্রি আব্দুল আজিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন এবং এরপর হার্ট অ্যাটাক হয় তার। আমরা মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’