Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আসিয়ান কাপে বাংলাদেশ, ফিফার চূড়ান্ত আমন্ত্রণ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২৩:৫৪

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সভাতেও বিষয়টি অনুমোদন পেয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ফিফার চূড়ান্ত আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশও প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু নির্বাহী সভা শেষে জানান, ফিফার কাছ থেকে গত রাতে ইতিবাচক বার্তা পেয়েছে বাংলাদেশ। এরপরই আসিয়ান কাপে অংশ নেওয়ার ব্যাপারে ফিফাকে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে বাফুফে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। সেটি হলো, আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। আমরা ফিফাকে এরই মধ্যে নিশ্চিত করেছি যে আসিয়ান কাপে খেলব।’

এর আগে ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে। এরপরই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের পরিকল্পনা জানতে চায় ফিফা। একই সঙ্গে আসিয়ান কাপে বাংলাদেশ খেলতে আগ্রহী কি না, সেটিও জানতে চাওয়া হয়। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ার পর আসে আনুষ্ঠানিক আমন্ত্রণ।

ফিফা আরব কাপের আদলে আসিয়ান কাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল গত বছর। চলতি বছরের ফিফা কংগ্রেসে সেটি চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১ দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ততার কারণে ভারত সরে দাঁড়ায়। চীনের জায়গায় আগেই পাকিস্তানকে নেওয়া হয়েছিল। এবার ভারতের শূন্যস্থান পূরণ করল বাংলাদেশ।

মোট ১৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা হবে দুটি ডিভিশনে। প্রিমিয়ার ডিভিশনে খেলবে আট দল, যার আয়োজক ইন্দোনেশিয়া। অন্যদিকে ছয় দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন অনুষ্ঠিত হবে হংকংয়ে।

বাংলাদেশ জায়গা পেয়েছে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্য গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।

সারাবাংলা/এসএইচএস