খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় বিষে ম্যালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন কে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে আড়ংঘাটা থানা এলাকার তেলিগাতী বাইপাস কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।
আটক দুজন ছিলেন, পুলিশ পিকআপ চালক মো. আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯) কে আটক করেছে।
স্থানীয়রা জানান, আড়ংঘাটা বাইপাস মাছের আড়ত থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ মোড়লগঞ্জের উদ্দেশ্য যাওয়ার পথে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।