ফরিদপুর: জেলার সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উলটে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিশা জান্নাত পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
পুলিশ-স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার জানান, শিশুটিকে চিকিৎসকের কাছে নিতে তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে যানবাহনের কাছ থেকে টাকা তুলছিলেন মাহুত। এ সময় হাতিটি শুঁড় উঁচু করলে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সড়কে উলটে যায়।
দুর্ঘটনায় মায়ের কোলে থাকা আরিশা ছিটকে পড়ে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বজাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে নিজেদের হেফাজতে নেয়।
আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।’