Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান শাহ হত্যা মামলা / গ্রেফতারের পর ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৯:২৬

আসামি আশরাফুল হক ডন।

ঢাকা: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আশরাফুল হক ডনকে জামিনে মুক্তি দেওয়া হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি পুনরায় পলাতক হতে পারেন এমন আশঙ্কা জানিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি।

সিআইডির প্রতিবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জামিনে মুক্তি পেলে তিনি আবারও আত্মগোপনে যেতে পারেন এবং এতে মামলার তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার জামিনের বিরোধিতা করে তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়।

বিজ্ঞাপন

রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেলে শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয়।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত বর্তমানে সিআইডিতে চলছে। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা এরই মধ্যে আটবার পেছানো হয়েছে। সর্বশেষ আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর