ঢাকা: বিএনপি নেতা ইলিয়াস আলী-কে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১২ সালের এপ্রিলে বিএনপি নেতা ইলিয়াস আলী-কে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত বর্তমানে চলমান রয়েছে। তদন্তে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।
এর ভিত্তিতে সাইফুর রহমান-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, সম্প্রতি নিজ বাসা থেকে সাইফুর রহমান-কে আটক করে বিমান বাহিনীর বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে এ শাখা দায়িত্ব পালন করে। আটকের পর তাকে বাহিনীর একটি বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।
এদিকে ইলিয়াস আলী গুমের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।