রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও ওই ভাষাতেই কথা বলতেছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিতদের মধ্যে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ অনুষ্ঠানে ‘লাভ শেয়ার বিডি’-এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর আওতায় রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।
বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই করতে দেব না, চলতে দেব না…ভাষাতেই কথা বলতেছে। এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।’
প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এত বড় একটি ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘চার-পাঁচ মাসে অনেক পরিবর্তন হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এত দ্রুত সবকিছু করা সম্ভব নয়। আমাদের কারও হাতে কোনো জাদুর চেরাগ নেই যে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করতে ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বক্তৃতা শেষে মির্জা ফখরুল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।