Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনি যখন নীরব শত্রু: চিনে নিন ৮টি সতর্কবার্তা

লাইফস্টাইল ডেস্ক
৪ জুন ২০২৬ ১৭:২০

প্রতিদিনের চা-কফি বা মিষ্টিজাতীয় খাবার তো আছেই, এর বাইরেও আমাদের কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, এমনকি তথাকথিত ‘স্বাস্থ্যকর’ ডায়েট ফুডেও প্রচুর পরিমাণে চিনি লুকিয়ে থাকে। ফলে আমরা অনেকেই মনের অজান্তে প্রয়োজনের চেয়ে অনেক বেশি চিনি খেয়ে ফেলি। অতিরিক্ত চিনি খাওয়ার এই অভ্যাসটি শুরুতে টের পাওয়া না গেলেও, ধীরে ধীরে তা আমাদের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। এই অভ্যাস দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, অতিরিক্ত ওজন বৃদ্ধি ও হৃদরোগের মতো বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই শরীর খারাপ হওয়ার আগেই আসুন জেনে নেই বিস্তারিত।

শক্তির অভাব ও অনবরত অলসতা

বিজ্ঞাপন

খাওয়ার পরপরই যদি শরীর অতিরিক্ত ক্লান্ত বা ঝিমঝিম লাগে, তবে বুঝতে হবে খাবারে চিনির পরিমাণ বেশি ছিল। রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে আবার নেমে যাওয়ার কারণে শরীর তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং অলসতা ভর করে।

রাতে ঘুমের ব্যাঘাত ঘটা

রাতের বেলা ঠিকঠাক ঘুম না হওয়া বা মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার পেছনে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস দায়ী হতে পারে। এটি শরীরের স্বাভাবিক ঘুমের চক্রকে মারাত্মকভাবে ব্যাহত করে।

ঘন ঘন বাথরুমের বেগ ও অতিরিক্ত তৃষ্ণা

রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়। এর ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় এবং শরীর থেকে দ্রুত পানি বের হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড পানিশূন্যতা ও তৃষ্ণা তৈরি হয়।

মিষ্টির প্রতি জিহ্বার সংবেদনশীলতা কমে যাওয়া

নিয়মিত অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে আমাদের জিহ্বার টেস্ট বাড বা স্বাদকোরকগুলো ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। এর ফলে সাধারণ মিষ্টি খাবারগুলোকেও আর পর্যাপ্ত মিষ্টি মনে হয় না এবং খাবারের আসল স্বাদ পাওয়া যায় না।

মেজাজ খিটখিটে হওয়া ও মানসিক অস্থিরতা

শরীরে সুগারের মাত্রা ওঠানামা করার সরাসরি প্রভাব পড়ে আমাদের মেজাজের ওপর। কোনো কারণ ছাড়াই হুট করে মন খারাপ হওয়া, অতিরিক্ত উদ্বেগ, রাগ বা খিটখিটে মেজাজ হওয়ার অন্যতম মূল কারণ এই অতিরিক্ত চিনি গ্রহণ।

মনোযোগের অভাব ও স্মৃতিশক্তি দুর্বল হওয়া

অতিরিক্ত চিনি মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ব্রেন ফগ’ বলা হয়। এর ফলে যেকোনো কাজে মনোযোগ দিতে সমস্যা হয়, সিদ্ধান্তহীনতা ভোগায় এবং ছোটখাটো বিষয় ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে।

পেট না ভরা বা বারবার ক্ষুধা লাগা

চিনিযুক্ত খাবার থেকে আমাদের শরীর কেবল ‘খালি ক্যালোরি’ পায়, যা কোনো পুষ্টি যোগায় না। এতে ফাইবার বা প্রোটিন না থাকায় তা দ্রুত হজম হয়ে যায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট করে। ফলে পেট ভরার অনুভূতি আসে না এবং কিছুক্ষণ পরপরই আবার খেতে ইচ্ছা করে।

চিনি বা মিষ্টি খাওয়ার তীব্র নেশা তৈরি হওয়া

মিষ্টিজাতীয় খাবার খেলে আমাদের মস্তিষ্কে ভালো লাগার এক ধরণের হরমোন নিঃসরণ হয়। এটি এক প্রকার আসক্তি বা চক্রের মতো কাজ করে। আপনি যত বেশি চিনি খাবেন, মস্তিষ্ক তত বেশি চিনি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে এবং বারবার মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে।