একসময় নারীর সবচেয়ে বড় গুণ হিসেবে ধরা হতো সহ্যশক্তি। চুপচাপ মানিয়ে নেওয়া, কষ্ট গিলে ফেলা, হাসিমুখে সব মেনে নেওয়া এসবই যেন ছিল একজন ভালো নারী হওয়ার শর্ত। সমাজ যুগের পর যুগ নারীদের শিখিয়েছে কোমল হতে, ধৈর্য ধরতে, রাগ লুকিয়ে রাখতে। কিন্তু দীর্ঘদিনের সেই চাপা অনুভূতি যখন বুকের ভেতর জমতে জমতে বিস্ফোরণের রূপ নেয় তখনই জন্ম হয় এক নতুন বাস্তবতার যাকে আজকের ভাষায় বলা হচ্ছে ফিমেল রেজ।
এটি শুধু রাগ নয়। এটি বহু বছরের অবদমন, অসমতা, অবহেলা আর না-বলা কষ্টের জমে থাকা প্রতিধ্বনি। আধুনিক সমাজে নারীর এই ক্ষোভ এখন আর নিছক আবেগ হিসেবে দেখা হচ্ছে না; বরং এটি হয়ে উঠছে এক সামাজিক ও মানসিক বাস্তবতা।
কেন রেগে যাচ্ছে নারীরা?
প্রশ্নটা অনেকেই করেন। নারীরা এত রেগে যায় কেন?
কিন্তু খুব কম মানুষই জানতে চান সেই রাগের পেছনে কত বছরের চাপা কষ্ট লুকিয়ে আছে।
বাস্তবতা হলো একজন নারী প্রতিদিন অসংখ্য অদৃশ্য চাপের ভেতর দিয়ে যান। পরিবারে দায়িত্ব, কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণের লড়াই, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বিচার সবকিছু মিলিয়ে অনেক নারী ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু বেশির ভাগ সময় তারা নিজের কষ্ট প্রকাশও করতে পারেন না। কারণ সমাজ এখনও নারীর রাগকে সহজভাবে নিতে শেখেনি।
একজন পুরুষ রেগে গেলে তাকে ব্যক্তিত্ববান বলা হয়। অথচ একজন নারী একইভাবে প্রতিবাদ করলে তাকে বলা হয় ঝগড়াটে, অতিরিক্ত আবেগী কিংবা অসহনীয়। ফলে নারীরা অনেক সময় নিজেদের অনুভূতিকেও সন্দেহ করতে শুরু করেন।
‘ফিমেল রেজ’ কী?
মনোবিজ্ঞানীরা বলছেন, ফিমেল রেজ আসলে নারীর দীর্ঘদিনের দমিয়ে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটি হঠাৎ তৈরি হয় না। বছরের পর বছর নিজের চাওয়া-পাওয়া, কষ্ট আর অপমান চেপে রাখতে রাখতে একসময় সেই নীরবতা ভেঙে যায়।
পপ-সংস্কৃতিতেও এখন এই বিষয়টি বড়ভাবে উঠে আসছে। সিনেমা, গান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের রাগ, হতাশা ও প্রতিবাদের গল্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। তরুণীরা এসব গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। কারণ তারা বুঝতে পারছেন এই রাগ শুধু ব্যক্তিগত নয়। এটি একটি প্রজন্মের অভিজ্ঞতা।
ইতিহাসও বলে নারীর রাগের গল্প
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যুগের পর যুগ নারীদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের কষ্টকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়েছে। পরিবার, সমাজ ও সংস্কৃতির ভেতর নারীকে সব সময় মানিয়ে নেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু তার রাগের কারণ বোঝার চেষ্টা খুব কমই হয়েছে।
নারীবাদী দার্শনিক আমিয়া শ্রীনিবাসন তার আলোচিত প্রবন্ধ The Aptness of Anger এ লিখেছেন, রাগ সবসময় ধ্বংসাত্মক নয়। অনেক সময় রাগ অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে সৎ প্রতিক্রিয়া।
অন্যদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে নারীদের মধ্যে রাগ ও হতাশার অনুভূতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মহামারির সময় এই মানসিক চাপ আরও তীব্র হয়ে ওঠে।
চাপা রাগ কীভাবে ভেঙে দেয় ভেতরটা
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে রাগ চেপে রাখা শুধু মানসিক নয় শারীরিক সমস্যারও কারণ হতে পারে। অনেক নারী নিজের কষ্ট প্রকাশ না করে ভেতরে ভেতরে সব সহ্য করেন। কিন্তু সেই জমে থাকা ক্ষোভ একসময় উদ্বেগ, বিষণ্নতা, অনিদ্রা কিংবা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় রূপ নিতে পারে।
মনোরোগ বিশেষজ্ঞ সারা কক্স তাঁর গবেষণায় উল্লেখ করেছেন, অনেক নারী নিজের রাগকে ভুল মনে করে চেপে রাখেন। অথচ সেই অবদমিত অনুভূতিই ধীরে ধীরে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।
নারীর রাগের পাঁচটি ধাপ
বিশেষজ্ঞরা বলছেন, নারীর ক্ষোভ সাধারণত ধীরে ধীরে তৈরি হয়। এটি কয়েকটি মানসিক ধাপের মধ্য দিয়ে যায়।
প্রথমে আসে বিভ্রান্তি। নারী ভাবতে থাকেন, আমি কি বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছি?
এরপর আসে অস্বীকার। তিনি নিজেকেই বোঝানোর চেষ্টা করেন হয়তো ব্যাপারটা এত গুরুতর না।
তারপর জন্ম নেয় অপরাধবোধ। কারণ সমাজ নারীর রাগকে সহজভাবে নেয় না। ফলে নিজের অনুভূতির জন্য নারী নিজেই লজ্জিত হতে শুরু করেন।
কিন্তু একসময় তিনি বুঝতে পারেন, তার কষ্ট শুধু ব্যক্তিগত নয়। এটি একটি বৈষম্যমূলক বাস্তবতার অংশ। আর তখনই শুরু হয় প্রতিবাদ।
শেষ ধাপে সেই চাপা ক্ষোভ বিস্ফোরিত হয়। তবে এই বিস্ফোরণ শুধুই ধ্বংস নয়; এটি নিজের অস্তিত্ব, সম্মান ও অধিকারের দাবি জানানোর ভাষা।
রাগও হতে পারে পরিবর্তনের শক্তি
রাগ সবসময় খারাপ কিছু নয়। বরং সঠিকভাবে প্রকাশ করতে পারলে এটি পরিবর্তনের শক্তিতে পরিণত হতে পারে। নিজের সীমা বোঝা, অন্যায়ের প্রতিবাদ করা কিংবা আত্মসম্মান রক্ষা। এসব ক্ষেত্রেই রাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাই নারীর রাগকে অবজ্ঞা না করে তার পেছনের কারণ বোঝা জরুরি। কারণ অনেক সময় একজন নারীর রাগের ভেতর লুকিয়ে থাকে বহু বছরের নীরব কান্না, অপূর্ণতা আর অবহেলার ইতিহাস।
সমাজ হয়তো দীর্ঘদিন নারীদের চুপ থাকতে শিখিয়েছে। কিন্তু এখন অনেক নারী সেই নীরবতা ভাঙছেন। আর সেই ভাঙা নীরবতার নামই ফিমেল রেজ।