Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসার বড় বোন রাইসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
২১ মে ২০২৬ ২৩:৫৯

রামিসার বড় বোন রাইসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বড় বোন রাইসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তিনি রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ওই বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রামিসার বাসা থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস্ত করেছেন রামিসার বড় বোনের পড়াশোনা থেকে শুরু করে আনুষাঙ্গিক ব্যয় উনি বহন করবেন। সেই সঙ্গে রামিসার মা-বাবা ও বড় বোনের জন্য একটি আশ্রয়স্থলের ব্যবস্থা করবেন। কারণ, উনারা একটি নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারগুলোতে যাতে দ্রুত চার্জশিট দেওয়া যায় এবং বিচারকার্য দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সেজন্য আইনে পরিবর্তন আনার প্রয়োজন হলে তাই করা হবে। আইনমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

এর আগে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রামিসার বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের মানুষ। আন্দোলনকারীদের দাবি, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর