Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে শীতল ছোঁয়ার খোঁজে সেরা ভ্রমণ গন্তব্য

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:২৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:৫০

বাংলাদেশের গ্রীষ্মকাল এখন আর শুধু ঋতু নয়, যেন এক দহনজ্বালা। শহরের কংক্রিট, যানজট আর তীব্র রোদে হাঁসফাঁস করা মানুষ একটু স্বস্তির খোঁজে তাকিয়ে থাকে প্রকৃতির দিকে। এই সময়টায় সঠিক জায়গা বেছে নিয়ে ভ্রমণে বের হলে গরমও হয়ে উঠতে পারে উপভোগ্য। দেশের বিভিন্ন প্রান্তে এমন কিছু গন্তব্য আছে যেখানে প্রকৃতি নিজেই আপনাকে দেবে শীতলতার পরশ।

পাহাড়ে মেঘের ছোঁয়া

গরম থেকে মুক্তি পেতে পাহাড়ি অঞ্চল সবসময়ই সেরা। সাজেক ভ্যালি এখন ভ্রমণপ্রেমীদের প্রথম পছন্দের তালিকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৮০০ ফুট উঁচু এই উপত্যকায় দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। ভোরবেলা সাদা মেঘের চাদর আর সন্ধ্যায় সূর্যাস্ত দুটোই যেন চোখ জুড়ানো দৃশ্য। এখানে রাতগুলোও বেশ ঠাণ্ডা ও আরামদায়ক। যা গরমের ক্লান্তি দূর করে দেয়।

বিজ্ঞাপন

অন্যদিকে বান্দরবান জেলার নীলগিরি, নীলাচল বা বগালেক প্রতিটি জায়গাই আলাদা অভিজ্ঞতা দেয়। পাহাড়ি ঝর্ণার ঠাণ্ডা পানি, সবুজ বন আর নির্মল বাতাস শরীর ও মন দুটোই সতেজ করে তোলে। বিশেষ করে বর্ষার আগমুহূর্তে পাহাড়ে মেঘের আনাগোনা ভ্রমণকে করে তোলে আরও রোমাঞ্চকর।

সবুজের শীতল ছায়া

যারা অত দূরে যেতে চান না তাদের জন্য শ্রীমঙ্গল হতে পারে আদর্শ গন্তব্য। চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চলে সারি সারি চা বাগান, ঘন বন আর ছায়াঘেরা পথ গরমের তীব্রতা অনেকটাই কমিয়ে দেয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে হাঁটতে হাঁটতে পাখির ডাক আর বনের শীতলতা মনকে এনে দেয় প্রশান্তি।

সাগরের হাওয়ায় প্রশান্তি

সমুদ্রপাড়ে গেলে গরম থাকলেও বাতাসে থাকে এক ধরনের স্বস্তি। কুয়াকাটা সেই দিক থেকে একটি ব্যতিক্রমী গন্তব্য। এখান থেকে একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা বাংলাদেশে বিরল। বিকেলের সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের শব্দ মনকে শান্ত করে। দূর করে দেয় শহরের ক্লান্তি।

উত্তরের নির্মল আবহ

গরমে একটু ভিন্ন স্বাদ পেতে যেতে পারেন পঞ্চগড়। দেশের উত্তর প্রান্তের এই জেলায় রয়েছে বিস্তীর্ণ চা বাগান, খোলা আকাশ আর তুলনামূলক কম তাপমাত্রা। ভোরের দিকে হালকা ঠাণ্ডা বাতাস আর কুয়াশার মতো পরিবেশ ভ্রমণকে করে তোলে স্বপ্নময়। ভাগ্য ভালো থাকলে পরিষ্কার আকাশে হিমালয়ের আভাসও দেখা যেতে পারে।

ভ্রমণে কিছু জরুরি পরামর্শ

গরমের সময় ভ্রমণ উপভোগ্য করতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি

– হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন
– পর্যাপ্ত পানি পান করুন
– সানস্ক্রিন, সানগ্লাস ও টুপি ব্যবহার করুন
– দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন
– ভোর বা বিকেলে ঘোরাঘুরি পরিকল্পনা করুন

গরম মানেই ঘরে বসে থাকা নয়। সঠিক পরিকল্পনা আর উপযুক্ত গন্তব্য বেছে নিলে এই তাপদাহের মধ্যেও খুঁজে পাওয়া যায় প্রশান্তি আর আনন্দ। প্রকৃতির কাছে গেলে গরমের কষ্টও যেন হার মানে। তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন। সবুজ পাহাড়, নীল আকাশ আর সাগরের হাওয়ায় খুঁজে নিন আপনার নিজের মতো একটুখানি স্বস্তির ঠিকানা।

বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর