ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ এলাকায় মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবক মারা গেছেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
রোববার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ নামাপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান।
হাসপাতালে নিহত মান্নানের বোন জামাই আমির হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর গ্রামে। বর্তমানে মাতুয়াইল মাদরাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও এক মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরগুনায় থাকে।
তিনি বলেন, ‘আজ সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যায় মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সঙ্গে মোবাইলে গেমস খেলছিল। এই খেলাকে কেন্দ্র করে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর পথচারীরা মান্নানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হয়েছে।
এদিকে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।