Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের বিপক্ষে টেস্ট হেরে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১২:২৫

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে এসেছে একটি পরিবর্তন। ডারউইন টেস্টে ব্যর্থ ওপেনার জেক ওয়েদারাল্ডকে স্কোয়াড থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় ম্যাট রেনশকে দলে নিয়েছে স্বাগতিকরা।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পরই ওয়েদারাল্ডের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ম্যাচে দুই ইনিংসে মাত্র ২৩ ও শূন্য রান করেন তিনি। ফলে ম্যাকাই টেস্টে নতুন ওপেনিং জুটি নিয়ে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

গত মৌসুমে অ্যাশেজসহ ছয়টি টেস্টে ওয়েদারাল্ডের ব্যাট থেকে এসেছিল ২২৪ রান, গড় ছিল মাত্র ২০.৩৮। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে নিজের ব্যাটিং কৌশলে পরিবর্তন এনেও সাফল্য পাননি ৩১ বছর বয়সী এই ব্যাটার।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য প্রথম টেস্টের পর ওয়েদারাল্ডের পরিবর্তিত ব্যাটিং কৌশল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে তাঁকে না রাখার সিদ্ধান্তই নিয়েছে নির্বাচকেরা।

ওয়েদারাল্ডের জায়গায় দলে আসা ম্যাট রেনশ ২০২৩ সালের পর প্রথম টেস্ট খেলার অপেক্ষায় আছেন। গত শেফিল্ড শিল্ড মৌসুমে তিনটি সেঞ্চুরিসহ ৪৯.৯০ গড়ে রান করেছিলেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটেও অস্ট্রেলিয়ার হয়ে সম্প্রতি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

টেস্ট ক্রিকেটে রেনশর গড় ২৯.৩১। এই সংস্করণে তাঁর সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান, ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফে প্রথম শ্রেণির ক্রিকেটেও দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর—যা দ্বিতীয় টেস্টে ফেরার আগে আত্মবিশ্বাস জোগাতে পারে।

আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে সিরিজ সমতায় ফেরাতে ম্যাকাইয়ে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য থাকবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়া।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জস ইংলিশ ও স্কট বোল্যান্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর