অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই দারুণ ক্রিকেট খেলে ডারউইন টেস্টে জয় দেখছেন টাইগাররা। ঐতিহাসিক জয়টা পেলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতবে বাংলাদেশ। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৫৬ রান।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪২৬ রান। ফলে ২২৮ রানে বড় লিড পায় সফরকারীরা। পরে দ্বিতীয় ইনিংসেও দাপুটে বোলিং করেছে বাংলাদেশ। এক ক্যামেরুন গ্রিন ছাড়া কাউই সেভাবে দাঁড়াতে পারেনি। ২৮৪ রানে থেমেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। মেহেদি হাসান মিরাজ একাই নিয়েছেন ৫ উইকেট, তিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। যাতে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫৬ রানের লিড দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে।
৪ উইকেটে ১৬১ রান তুলে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। দিনের প্রথম সেশনে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ আর তিনটিই মেহেদি হাসান মিরাজ। ৩০ রানের মাথায় অ্যালেক্স ক্যারিকে উইকেটের পেছনে ক্যাচ বানান মিরাজ। বড় বড় টার্ন পাচ্ছিলেন মিরাজ। সেটাই কাজে লাগিয়ে ফিরিয়েছেন ক্যারিকে।
মিরাজের টার্ন করে লাফিয়ে উঠা বল ক্যারির ব্যাটের কানা ছুয়ে চলে যায় লিটন দাসের গ্লাফসে। ৭২ বলে ৫টি চারে ৩০ রান করে ফেরেন ক্যারি। বো ওয়েবস্টারের দায়িত্ব ছিল ক্যামেরুন গ্রিনকে সঙ্গ দেওয়া। কিন্তু সেটা পুরোপুরি করতে দেননি মিরাজ। বড় বড় টার্ন পাওয়া মিরাজ ৬৬ ওভারের শেষ বলটা কোনো টার্ন করেননি। ওয়েবস্টার হয়ত আগে থেকেই ধরে নিয়েছিলেন টার্ন হবে! ফলাফল বল গিয়ে সোজা আঘাত হানে তার অফস্ট্যাম্পে! ২১ বল খেলে ৫ রান করে ফেরেন ওয়েবস্টার।
খানিক বাদে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে শর্ট বলে কাবু করেছেন মিরাজ। মিরাজের হাফভলি ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন ক্যামিন্স। বল গিয়ে জমা পরে সাদমান ইসলামের হাতে। ৮ রান করে ফেরেন কামিন্স। দ্বিতীয় সেশনের শুরুতে মিচেল স্টার্ককেও ফিরিয়ে বাংলাদেশকে জয়ের আরও কাছে নেন তাসকিন আহমেদ।
‘পথের কাটা’ হয়ে থাকা ক্যামেরুন গ্রিনকে ফেরান হাসান মাহমুদ। হাসানের গুড লেংথের বল ডিফেন্স করতে গিয়েছিলেন গ্রিন। কিন্তু বল ব্যাটে ঠিকভাবে নিতে পারেননি, বল চলে যায় স্ট্যাম্পে। ২০১ বল খেলে ৪টি চার ১টি ছয়ে ১০১ রানের মাথায় ফেরেন গ্রিন। এরপর নাথান লায়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানেই গুটিয়ে দেন মিরাজ।
৬৬ রান খরচায় ৫ উইকেট নেন মিরাজ। ৫৬ রানে তিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।