Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডারউইন টেস্ট / চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ, প্রবল চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৬:০০

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান তুলে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ এখনো বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে রয়েছেন অজিরা। হাতে ছয় উইকেট। ক্রিজে আছে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটিং জুটি- ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। অর্থাৎ এই জুটি ভাঙলেই অজিদের ব্যাটিং লাইনআপের লেজ বেরিয়ে পরবে। কাল সকাল সকাল এই জুটি ভাঙতে পারলে ম্যাচ জয়ের আরও বড় সম্ভবনা জেগে উঠবে বাংলাদেশের সামনে!

বিজ্ঞাপন

গতকাল ৬ উইকেটে ৩৫১ রানে দিন শেষ করা বাংলাদেশের প্রথম ইনিংস আজ শেষ পর্যন্ত গিয়ে থেমেছে ৪২৬ রানে। ২২৮ রানের বড় লিড পায় বাংলাদেশ। তারপর বল হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসেও অজিদের কাঁপিয়ে ছেড়েছে বাংলাদেশ। আর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও যার নেতৃত্বটা দিচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই অজি ওপেনার জ্যাক ওয়েদরল্ডকে ফেরান হাসান। মার্নাস লাবুশনকে নিয়ে তারপর থিতু হওয়ার চেষ্টায় ট্রাভিস হেড। দ্বিতীয় স্পেলে এসে হেডকেও কাবু করেছেন হাসান। অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়েছিলেন। কিন্তু যথেষ্ট না উঠা হাসানের বল টেনে নিয়ে আসেন স্ট্যাম্পে, প্রথম ইনিংসের কায়দায়ই বোল্ড। ফিরেছেন ১৭ রান করে।

এরপর দুই অভিজ্ঞ স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশন হাল ধরেন অস্ট্রেলিয়ার। দুজন দারুণ এগুচ্ছিলেনও। তবে বাংলাদেশের স্পিন আক্রমণ পরে বেশিদূর যেতে দেননি দুজনকেই। ৩১ রান করা লাবুশনকে বোল্ড করেছেন তাইজুল ইসলাম। ৮৮ বলে ৪৪ রান করা স্মিথকে কট অ্যান্ট বোল্ড করেছেন মেহেদি হাসান মিরাজ। তারপর শেষ বিকেলে অবশ্য বিপদ বাড়তে দেননি ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দিন শেষে ৪৩ রানে অপরাজিত গ্রিন, আর ক্যারি অপরাজিত ১৯ রানে।

এর আগে দিনের শুরুতে বাংলাদেশের টেল অ্যান্ডারকে নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ। গতকাল হঠাৎ তিন উইকেট হারিয়ে বিপদে পরা বাংলাদেশের হয়ে শেষ বিকেলে পেসার হাসান মাহমুদকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মেহেদি হাসান মিরাজ। নব্বয়ের বেশি বল খেলে মিরাজকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন হাসান। তবে আজ সকাল সকাল সেই প্রতিরোধ ভেঙেছে।

জশ হ্যাজেলউডের দারুণ এক ডেলিভারিতে এলবিডাব্লিউ হয়েছেন হাসান। ফেরার আগে ১৪ রান করেছেন তবে বল খেলেছেন ৯২টি! আটে নেমে জশ হ্যাজেলউডকে অসাধারণ এক ফ্লিকে ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর বার্তা দিচ্ছিলেন তাইজুল ইসলাম। তবে খুব বেশি সময় মিরাজকে সঙ্গ দিতে পারেননি। সেই হ্যাজেলউডের বলেই ফিরেছেন ২৩ বলে ১৭ রান করে।

তবে অপরপ্রান্তে মেহেদি হাসান মিরাজ ছিলেন অবিচল। ৫৯তম টেস্ট ম্যাচ খেলতে নেমে দশম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। তার ব্যাটেই বাংলাদেশের ইনিংস চারশ ছাড়িয়েছে, লিডও দুইশ পেরিয়েছে। তাসকিন আহমেদ বেশ ভালো সঙ্গই দিয়েছেন মিরাজকে।

দুজন অপরাজিত থেকে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করেন। তবে দ্বিতীয় সেশনে নেমে খুব বেশিদূর এগুতে পারেনি বাংলাদেশ। জশ হ্যাজেলউডের বলে এজড হয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। ফেরার আগে ১৫৪ বল খেলে ৫টি চার ১টি ছক্কায় করেন ৬৫ রান। এরপর দশম ব্যাটার ইবাদত হোসেন এক ছক্কা হাঁকানোর পরপরই ফিরেছেন সেই হ্যাজেলউডের বলেই।

৭ রান করে দলের শেষ ব্যাটার হিসেবে ফেরেন ইবাদত। তাসকিন আহমেদ অপরাজিত ছিলেন ১৪ রান করে। এর আগে তানজিদ হাসান তামিম ১০১, নাজমুল হোসেন শান্ত ৮৪ ও মুমিনুল হক সৌরভ করেন ৪৯ রান। জশ হ্যাজেলউড নেন ৬ উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর