সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তিনি পিকআপে করে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে দুধ নিয়ে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপচালক।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। পরে ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নিহতের মরদেহ সড়কে রেখে অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পরে সলঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল জানান, দুর্ঘটনার খবর পেতে কিছুটা বিলম্ব হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতেও দেরি হয়। পরে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।