Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৩:১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধসে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। তবে সেই ধসের মধ্যেই ব্যাট হাতে একাই প্রতিরোধ গড়ে তুললেন টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন এই অলরাউন্ডার।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে একমাত্র তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি খেলেন মিরাজ। ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন ডানহাতি ব্যাটার।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ওভারেই রানের খাতা না খুলে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি বড় জুটিতে রূপ নেয়নি। সাদমান ৩১ এবং মুমিনুল ১৬ রান করে বিদায় নেন।

বিজ্ঞাপন

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম শূন্য রানে আউট হলে আরও চাপে পড়ে সফরকারীরা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রান করে কিছুটা লড়াই করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অমিত হাসান ১৫ রান করে ফিরলে ১১০ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দল।

এই অবস্থায় মিরাজের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন সৌম্য সরকার। তবে ১৬ রান করে সৌম্য বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তাইজুল ইসলাম (১০) ও হাসান মাহমুদ (৪) বেশিক্ষণ টিকতে না পারায় দুইশ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়।

কিন্তু শেষদিকে খালেদকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লড়াই করেন মিরাজ। নবম উইকেটে ৭৩ বলে ৬৯ রানের মূল্যবান জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশ পার করেন তারা। খালেদ ১৫ রান করে আউট হলেও অপর প্রান্তে অপরাজিত থাকেন মিরাজ, পূর্ণ করেন দারুণ এক সেঞ্চুরি।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অফস্পিনার কোরি রকিকিওলি। তিনি ৮৩ রানে একাই তুলে নেন ৬ উইকেট।

মূল টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও মিরাজের দায়িত্বশীল ইনিংস দলকে ইতিবাচক বার্তাই দিচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর