ঢাকা: গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়। সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সমাবেশস্থলে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
সমাবেশের ব্যানারে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট এবং মূল্যবৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো হয়েছে।
এর আগে গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ৫ ও ৬ আগস্ট দুই দিনের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচির কথা জানানো হয়।
রাজধানীর কর্মসূচি থেকে নেতারা গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, অতিরিক্ত বিল প্রত্যাহার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও তুলে ধরা হচ্ছে।
এর আগে ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সমাবেশে কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত হয়েছেন।