Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই হত্যাচেষ্টা মামলায় মডেল সিমুকে গ্রেফতার দেখানোর আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৪:৩২

মডেল সিমু।

ঢাকা: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় আলোচনায় আসা মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শফিউল আলম সোহাগ সিমু আক্তার বৃষ্টিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

বর্তমানে সিমু আক্তার বৃষ্টি আশুলিয়া থানার অপর একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আবেদনের শুনানি শেষে আদালত তাকে এ মামলাতেও গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সমর্থনে আশুলিয়ার বাইপাইল মোড়ে আয়োজিত মিছিলে অংশ নেন রুহুল আমীন। এ সময় গুলিবর্ষণে তার বাম পায়ের গোড়ালিতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর গত ৩ অক্টোবর তিনি বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ৫৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস আলোচনায় আসেন। ওই ঘটনায় পুলিশ তাকে আটক করলেও পরে তিনি জামিনে মুক্তি পান।