ঢাকা: ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নিজ মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন।
অনলাইনে মনোনয়নপত্র ক্রয় এবং জমাদান প্রসঙ্গে সাংবাদিকদের মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বপ্ন দেখায় না, সেটির বাস্তবায়নও করে। বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা দিয়েছে, সেটি বাস্তবায়নের প্রথম ধাপে নিজেদের দলীয় মনোনয়নপত্র ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো অনলাইন সেবা চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্বপ্নচারী রাজনীতিবিদ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দিন-রাত তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন।
তিনি আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি রয়েছে। এক. আমাদের প্রত্যেক নাগরিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে- স্মার্ট সিটিজেন। দুই. স্মার্ট ইকোনমি অর্থাৎ সমস্ত অর্থনৈতিক কার্যক্রমে আমরা প্রযুক্তি ব্যবহার করব। তিন. স্মার্ট গভর্নমেন্ট- ইতোমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি, সেটাও করে ফেলব এবং চার. আমাদের সমাজটাই হবে স্মার্ট সোসাইটি।
তিনি বলেন, ২০১৯ সালে ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে সরকারি সব কাজ যেন ই-পদ্ধতিতে হয় সেই ব্যবস্থা নিয়েছে সরকার। গোটা বিশ্বে আজ দ্রুত গতিতে প্রযুক্তির বিকাশ ঘটছে। বাংলাদেশও এই বৈশ্বিক ডিজিটাল অগ্রগতি থেকে পিছিয়ে নেই। এই অগ্রগতি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে।