ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে শিগগিরই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত এরই মধ্যে শেষ করেছে তদন্ত সংস্থা। এসব মামলার কয়েকটির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমাও দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদনও রয়েছে।
বর্তমানে তদন্ত প্রতিবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘তদন্ত সংস্থা থেকে এরই মধ্যে প্রায় ১০টি মামলার তদন্ত প্রতিবেদন তাদের হাতে এসেছে। প্রতিবেদনগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মামলাগুলোতে ফরমাল চার্জ দাখিল করা হবে।’
তিনি আরও জানান, তদন্ত শেষ হওয়া মামলাগুলোর অধিকাংশ আসামিই আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।