Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ / হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

স্টাফ করেসপন্ডেট
১০ জুন ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:২৯

মাহবুবউল আলম হানিফ। ফাইল ছবি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা এ মামলায় ইতোমধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর বিচারকরা মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।

এদিন আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে সেই যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা।

বিজ্ঞাপন

মামলার অপর ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ৪ জনই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে ৭ জুন আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক শেষ করে। গত ১১ মে থেকে মামলার যুক্তিতর্ক শুরু হয়। ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরা করার মাধ্যমে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

গত বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ এই চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ৫ অক্টোবর প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে, যা ৬ অক্টোবর আদালত গ্রহণ করে। মামলায় উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর