Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনে প্রিসাইডিং-পোলিং অফিসারদের সম্মানী দ্বিগুণ হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৪:৫২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৫:৫৮

ঢাকা: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মানী বাড়ছে। সম্মানী বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের একদিনের সম্মানী দ্বিগুণ করা হচ্ছে। সাধারণত জাতীয় নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ৩ হাজার টাকা সম্মানী পান। দ্বাদশ জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তার ব্যয় বাড়ছে। একাদশ জাতীয় নির্বাচনের চেয়ে ব্যয় বাড়ছে দ্বিগুণ। শুধু নির্বাচন পরিচালনায় নয়, আইন-শৃঙ্খলা খাতের ব্যয়-ও বেড়ে দ্বিগুণ হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন খাতে ব্যয় বাড়বে। প্রায় নয় লাখ প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোটগ্রহণের ভাতা বাবদ গত নির্বাচনের চেয়ে এবার দ্বিগুণ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এছাড়া যাতায়াত বাবদ তারা প্রত্যেকে অতিরিক্ত আরও এক হাজার টাকা করে পাবেন।

বিজ্ঞাপন

শুধু ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা বাবদ ব্যয় বেড়েছে ২৮০ কোটি টাকা। এগুলোসহ নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে এক হাজার কোটি টাকার বেশি। এছাড়া নির্বাচনী প্রশিক্ষণ খাতে ব্যয় হচ্ছে আরও ১৩৫ কোটি টাকা। সবমিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হচ্ছে দুই হাজার ৩০০ কোটি টাকার বেশি। যদিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনা—এই দুই খাত মিলিয়ে ৭০০ কোটি টাকা বরাদ্দ ছিল।

ইসি সূত্র জানায়, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার ব্যয় হবে এক হাজার ৭১ কোটি ৫৬ লাখ টাকা। নির্বাচনে পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন ও তাদের যাতায়াতের পেছনে এ পরিমাণ টাকা ব্যয় হবে বলে বাহিনীগুলো থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সবচেয়ে বেশি ৪৩০ কোটি ২৫ লাখ টাকা চেয়েছে পুলিশ। আর আনসার চেয়েছে ৩৬৬ কোটি ১২ লাখ টাকা।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। সব দল অংশ নেওয়ায় ওই নির্বাচনে সহিংসতাও কম ছিল। এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন।

ইসি জানায়, ২০১৮ সালের নির্বাচনে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র ও দুই লাখ সাত হাজার ৩১৯টি ভোটকক্ষ ছিল। তখন ভোটগ্রহণ কর্মকর্তা ছিলেন ৬ লাখ ৬২ হাজার ১১৯জন। আর ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা ছয় লাখ ৮ হাজার। এবার ভোটার বেড়ে যাওয়ায় প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ভোটকেন্দ্র হিসাবে ধরে সব পদক্ষেপ নিচ্ছে ইসি। এবার ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে প্রায় নয় লাখ।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ৪৩০ কোটি ২৫ লাখ টাকা চেয়েছে, একাদশ নির্বাচনে চাহিদা ছিল  ৪২৪ কোটি টাকা। চাহিদা কাটছাঁট করে বরাদ্দ দেওয়া হয় ১২৯ কোটি ৫৭ লাখ কোটি টাকা। এবার আনসার ও ভিডিপি চেয়েছে ৩৬৬ কোটি ১২ লাখ টাকা। গত নির্বাচনে এ বাহিনীকে দেওয়া হয় ২৪২ কোটি ৮০ লাখ টাকা। এবার বিজিবি চেয়েছে ১৪৫ কোটি ৮৭ লাখ টাকা। গত নির্বাচনে বিজিবি পেয়েছিল ৭৮ কোটি ৪২ লাখ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে র‍্যাব চেয়েছে ৫০ কোটি ৬৩ লাখ টাকা; যা গত নির্বাচনে ছিল ২২ কোটি ১২ লাখ টাকা। এবার কোস্টগার্ড চেয়েছে ৭৮ কোটি ৬২ লাখ টাকা, যা গত নির্বাচনে ছিল ২৫ কোটি টাকা।

সারাবাংলা/জিএস/আইই