কক্সবাজার: বিগত দিনগুলোতে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলা পুলিশকে ত্রাণ কার্যক্রমে তেমন একটা সক্রিয় দেখা না গেলেও, এবার সম্পূর্ণ ভিন্ন ও মানবিক এক চিত্র নজরে এসেছে। টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় প্লাবিত কক্সবাজারের বানভাসি মানুষের মুখে হাসি ফোটাতে এবার সরাসরি ত্রাণ সামগ্রী নিয়ে মাঠে নেমেছে জেলা পুলিশ। গত ৬-৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে তারা।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল (১৩ জুলাই) ঝিলংজা, চৌফলদন্ডী, ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।
সরেজমিনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
ত্রাণ বিতরণকালে বন্যাদুর্গত এলাকায় সরেজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো. নাজিমুল হক। তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম রেঞ্জের এই অতিরিক্ত ডিআইজি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে কক্সবাজার জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। পুলিশ শুধু অপরাধ দমনেই কাজ করে না, অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের পরম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই কিছু খাদ্য সামগ্রী নিয়ে যারা বন্যা কবলিত, তাদের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র চেষ্টা করেছি।’
এ সময় পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা ও মানবিক এই কার্যক্রম বর্তমানেও অব্যাহত রয়েছে।