Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৫:৫৫

সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ঢাকা: মানবতাবিরোধী অপরাধসহ চলমান মামলাগুলোর বিচার সম্পন্ন করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।’

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকারের লক্ষ্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা। শেখ হাসিনা দেশে ফিরে এলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার আদালতের মাধ্যমে হবে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তির বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। ফলে শেখ হাসিনা চাইলে বিশ্বের যেকোনো দেশের আইনজীবীকে নিজের পক্ষে নিয়োগ দিতে পারবেন। বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে এবং সেখানে পর্যবেক্ষক ও ভিডিও ধারণেরও সুযোগ থাকবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। আদালতে তিনি যদি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারেন, আদালত সে অনুযায়ী রায় দেবেন। আবার আদালত অন্য কোনো সিদ্ধান্ত নিলেও সরকার তা মেনে নেবে। বিচারকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখাই সরকারের উদ্দেশ্য।’

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এটি সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী নির্বাহী বিভাগ কেবল আদালতের আদেশ বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘আদালতের আদেশে কেউ সংক্ষুব্ধ হলে বা সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করলে আদালতেই প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেটি আর কার্যকর থাকবে না।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সরকার কোনো ভূরাজনৈতিক চাপ হিসেবে দেখছে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, সরকারের অবস্থান পরিষ্কার— তাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।

বিচার বিভাগের সক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘দেশে বিচারক ও আদালতের সংখ্যা এখনও চাহিদার তুলনায় কম। উচ্চ আদালতের কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়াসহ কিছু কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা দূর করতে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে।’

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর