Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:৫৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২০:২৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সারাদেশে বিরাজমান অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এ দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।

প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা অনিয়ম ও বিতর্ক ছিল। তবে বর্তমান সরকার শিল্পীদের স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করেছে। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলেই এবারের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয়নি।’

বিজ্ঞাপন

পরিচালক সমিতির মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সরকার কাউকে আইনের আশ্রয় নিতে বাধা দিতে পারে না। তবে নিজেদের বিরুদ্ধে মামলা করবেন কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্টদেরই নিতে হবে।’

এফডিসির উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ দায়িত্বশীল। জনগণের অর্থ কীভাবে ব্যয় হবে এবং কীভাবে তা ফেরত আসবে, সে বিষয়েও সংশ্লিষ্টদের ভাবতে হবে।’

তিনি জানান, সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব ৪৭ কোটি টাকায় কিনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) খেলা সম্প্রচার করেছে। সরকারের তৎপরতায় এর মধ্যে ৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত এসেছে। তিনি এটিকে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে অতীতে একই খাতে জনগণের বিপুল অর্থের অপচয় হয়েছিল বলে দাবি করেন।

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা সরকার বিবেচনা করছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে সরকার এফডিসির সঙ্গে সমন্বয় করে কাজ করছে।’

অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, শিল্পী ইথুন বাবু, জাসাসের আহ্বায়ক হেলাল খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি সামছুল আলম এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী-সহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শেষে শিল্পীদের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর