প্রত্যেক নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে। জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক এ কথা বলেছেন।
রোববার (৪ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন উপলক্ষে যুবলীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. অ্যাড. শামীম আল সাইফুল সোহাগের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জি. মৃণাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো. রায়হান ফরীদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহাফুজুর রহমান সোহাগ।
মত বিনিময় সভা শেষে নেতারা নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, ডাক বাংলা মোড়ে প্রচারণা চালান।