Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ০০:৩৬

রায়। প্রতীকী

নোয়াখালী: জ্ঞাত আয়বার্হিভূত সম্পত্তি অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ টিপুকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে একলাখ টাকা অর্থদণ্ড ও জ্ঞাত আয়বর্হিভূতভাবে অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় দেন নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী। দণ্ডপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ টিপু ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার এলাকার রাজাপুর গ্রামের আবুল হোসেন কানুনগোর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, খালেদ সাইফুল্লাহ গত ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড’র কুমিল্লা জেলায় বিক্রয় সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এই সময়ে টিপু বারাহীপুর মৌজায় ১৫ লাখ ৫৮ হাজার ৭১৮ টাকা দিয়ে ৫১৯ দশমিক ৩৭ শতক জায়গা কেনেন। পরবর্তী সময়ে সেখানে ৬১ লাখ ৭ হাজার ৯৯ টাকা ব্যায়ে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেন। কিন্তু, তিনি তার আয়-ব্যায় হিসাবে বাড়ি নির্মাণ খরচ বাবদ দেখান ৩৪ লাখ ১৭ হাজার ৪৯১টাকা। একই ব্যক্তি সোনাগাজী রামপুর মৌজায় জমি কিনে একটি মার্কেট নির্মাণ করেন; যেখানে ব্যায় গোপন করেন প্রায় ২ লাখ ৬৭ হাজার ৪৯১ টাকা। পরে অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নামে দুদক।

বিজ্ঞাপন

দুদক জানায়, তদন্তকালে বাড়ি ও মার্কেট নির্মাণে খালেদ সাইফুল্লাহ টিপু প্রায় ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা ব্যায় গোপন করে বলে প্রমাণ পাওয়া যায়। যা তার জ্ঞাতবর্হিভূত আয় হিসেবে গণ্য করা হয়। তদন্ত শেষে দুদক নোয়াখালীর তৎকালীন সহকারী পরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর পর রোববার আদালত আসামির উপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে তাকে আট বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোহাম্মদ জহির উদ্দিন।

দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিছ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় প্রদানের পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম