কক্সবাজার: বাড়ি ফেরার পথে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন নিরঞ্জন দাশ (৪০) নামের এক স্বর্ণ ব্যবসায়ী। দীর্ঘ প্রচেষ্টার পর রোববার (১২ জুলাই) রাত ৯টার দিকে ফাক্রিকাটার কচ্ছপিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন রাতে নাইক্ষ্যংছড়ি সদরে অবস্থিত তার স্বর্ণের দোকান বন্ধ করে কচ্ছপিয়ার উদ্দেশে রওনা হন নিরঞ্জন দাশ। পথে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানির তীব্র স্রোতের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে পানির প্রবল টানে তিনি ভেসে যান।
ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। অবশেষে দীর্ঘ ও অক্লান্ত প্রচেষ্টার পর এদিন রাত ৯টার দিকে কচ্ছপিয়ার ফাক্রিকাটা এলাকার বাসিন্দারা তার মৃতদেহ উদ্ধার করেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ভারী বর্ষণের ফলে কচ্ছপিয়া এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। আর নিহত ওই ব্যক্তি নাইক্ষ্যংছড়ি থেকে যাওয়ার পথে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। পারিবারিকভাবে কোনো অভিযোগ করেনি কেউ। তবে এ বিষয়ে আমরা অবগত আছি।