ঢাকা: আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২ হাজার ১২৪ কোটি ৪ লাখ টাকা ব্যয় হবে। এ খাত থেকে জাতীয় সংসদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন ধরনের নির্বাচন পরিচালনা করা হবে। আর প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন খাতে ব্যয় হবে ২৮২ কোটি ৪৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পেশ করনে তিনি।
জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ইসির জন্য বরাদ্দ (সংশোধিত বাজেট) রয়েছে ১ হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা। ফলে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ইসির জন্য বরাদ্দ বেড়েছে ৯৮৩ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে ইসির বরাদ্দ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ প্রসঙ্গে আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য বেশকিছু কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ৪৫৪টি উপজেলা পরিষদ নির্বাচন, ছয়টি সিটি করপোরেশন নির্বাচন, ৯টি পৌরসভাসহ বিভিন্ন ধরনের নির্বাচন। এছাড়াও চলতি অর্থবছরে খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ব্যয়ও আগামী বাজেট থেকে ব্যয় করা হবে।
এছাড়াও প্রথমবারের মতো এবারের বাজেটে শূন্য থেকে ১৮ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন ও তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। প্রবাসীদের ভোটার নিবন্ধন এবং তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার কর্মসূচিও রয়েছে এ বাজেটে।