Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবির জন্য ২১৫ কোটি টাকার তেল-চিনি কিনছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ১৭:৫৭ | আপডেট: ৯ মে ২০২৩ ১৮:১৮

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২ হাজার মেট্রিক টন চিনি এবং এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের ব্যয় হবে ২১৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

এর মধ্যে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার সয়াবিন তেল এবং ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার চিনি কেনা হবে। প্রতি কেজি চিনি ৮২ টাকা ৯৪ পয়সা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১৪৬ টাকা ১০ পয়সা দামে কেনা হচ্ছে। সিঙ্গাপুরের একটি কোম্পানি থেকে চিনি এবং ভারতের একটি প্রতিষ্ঠান থেকে সয়াবিন তেল কেনা হবে।

মঙ্গলবার (৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিঙ্গাপুরের স্মার্ট মেট্রিক্স প্রাইভেট লিমিটেড (স্থানীয় এজেন্ট মার্ক লাইন এন্টারপ্রাইজ) থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা। টিসিবির জন্য এই চিনি কেনা হবে।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের গোভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড (এইচ এইচ এন্টারপ্রাইজ) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৬ টাকা ১০ পয়সা। এই সয়াবিন তেলও টিসিবির জন্য কেনা হবে।

সারাবাংলা/জিএস/এনইউ