চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে এক ওসিকে কনুই দিয়ে ধাক্কা মেরে আহত করার অভিযোগের সত্যতা মিলেছে। ওই এএসআইকে ইতোমধ্যেই খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে তদন্ত প্রতিবেদন গত বুধবার (৩ মে) জমা দিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন। পরবর্তী ব্যবস্থা নিতে প্রতিবেদনটি সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনারের (ডিসি-সিটিএসবি) কাছে পাঠানো হয়েছে।
নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার ডা. মো. মনজুর মোর্শেদ সারাবাংলাকে বলেন, ‘এএসআই সন্তু শীলের বিরুদ্ধে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীরের অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী বিভাগীয় পদক্ষেপ চলমান আছে।’
সিএমপির বিশেষ শাখায় কর্মরত এএসআই সন্তু শীল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২০ এপ্রিল উপমন্ত্রীকে নিয়ে একটি কর্মসূচিতে যাবার পথে তিনি ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরে আহত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওসি জাহিদুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি এএসআই সন্তু’র বিরুদ্ধে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। সন্তু শীলও পাল্টা অভিযোগ দেন। উভয় অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীনকে।
ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরে আহত করার অভিযোগ ওঠার পর গত ২৫ এপ্রিল সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় এএসআই সন্তু শীলকে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন।