ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এসময় মন্ত্রী জানান, বেসরকারি মোবাইল অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে টেলিটকের সক্ষমতা বাড়াতে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। সারাদেশে টেলিটকের উন্নত নেটওয়ার্ক বিস্তৃত করতে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হলেও সরকার তা গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, বর্তমানে টেলিটকের মোট তিন হাজার ৫১১ কোটি টাকার তিনটি ভিন্ন প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া ৭ হাজার ৭৫৪ কোটি টাকার আরও নয়টি প্রকল্পের প্রস্তাব সম্ভাব্যতা সমীক্ষা যাচাই ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ধীরে ধীরে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।