ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরাজুল ইসলাম শাওন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাব্বি (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার (২৫ জুন) রাত ১০টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে সবুজবাগের রাস্তায় মোটরসাইকেলে থাকা শাওন ও রাব্বি দুর্ঘটনায় আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে শাওনকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত শাওন শরীয়তপুর জেলার সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগ মায়া কানন মঞ্জু কমিশনার গলি এলাকায় একটি বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতেন তিনি।
মৃত শাওনের প্রতিবেশী নুরজাহান আক্তার জানান, মোটরসাইকেল চালিয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসায় ফেরার পথে সবুজবাগের রাস্তার ঢালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের থাকা শাওন ও রাব্বি আহত হয়। পরে শাওন হাসপাতালে মারা যায়।
নুরজাহান আরও জানান, শাওন পেশায় ব্যবসায়ী ছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।