চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের আয়োজনে যোগব্যায়াম অনুশীলন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ১২০০ মানুষ অংশ নেন।
শনিবার (১৮ জুন) নগরীর নেভি কনভেশন সেন্টারে দু’দফায় যোগব্যায়াম অনুশীলনের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘যোগব্যায়াম হল একমাত্র ব্যবস্থা যা কোনো রাষ্ট্রীয় আবেদন বা পৃষ্ঠপোষকতা ছাড়াই পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। যোগ ব্যায়ামের ফলে মানুষের বুদ্ধি মজবুত হয়, মানুষ যৌক্তিক সমাধান খোঁজে। তারা যত বেশি যুক্তিবাদী, তত বেশি তারা বিজ্ঞানের উপর নির্ভরশীল হবে।’

‘যোগব্যায়াম জনপ্রিয় হয়ে উঠছে কারণ এটি একটি সামগ্রিক বিজ্ঞান যা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে একত্রিত করে। যোগব্যায়াম চিন্তা, কর্ম, জ্ঞান এবং ভক্তিতে আমাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে। যোগব্যায়াম অনুশীলন করার জন্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং একধরনের নির্দেশিকাও প্রয়োজন। মানসিক ও শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে ইয়োগা বা যোগাসনের কোনো বিকল্প নেই। যোগব্যায়াম ভারসাম্যপূর্ণ উপায়ে একজন ব্যক্তির অভ্যন্তরীণ শক্তি বিকাশ করে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনব্যাপী অধিবেশনে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্পোরেট গ্রুপের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ১২০০ জন অংশ নেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আহমেদ শরীফ বিভিন্ন আসন ও ধ্যানের কৌশল প্রদর্শন করে সেশন পরিচালনা করেন।
ফোর এইচ গ্রুপ, ওয়েল স্টুডিও, ইন্ডিয়ান ওয়েল করপোরেশন , বোনানজা এন্ড ইম্পোর্টার্স ইভেন্ট ম্যেনেজমেন্ট ও কোয়ান্টাম ফাউন্ডেশন এই আয়োজনে সহযোগিতা দিয়েছে।