Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি ত্রুটির কারণে শাহজালালে বিমানের জরুরি অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৯:২৩ | আপডেট: ১৭ জুন ২০২২ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কারিগরি ত্রুটির কারণে বরিশাল থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। একইসঙ্গে কিছু সময়ের জন্য ফ্লাইট ওঠানামা দুপুরে বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, দুপুরে বরিশাল থেকে আসা বিমানের একটি ফ্লাইট টেকনিক্যাল কারণে জরুরি অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন। তবে বিমানটি যেন নিরাপদে অবতরণ করতে পারে সে জন্য বিমানবন্দরের রানওয়ে খালি করা হয়। তবে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল না।

বিজ্ঞাপন

তবে ফ্লাইটটিতে থাকা যাত্রী এবং বিমানবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের ড্যাশ ৮ বিমানটি অবতরণের আগে আকাশে প্রায় ৩০ মিনিটের বেশি সময় চক্কর দেয়। বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়। বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণের সময় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার সারাবাংলাকে বলেন, বিমানটিতে কারিগরি ত্রুটি থাকার ফলে পাইলট বিমানটি অবতরণের কথা জানান। পাইলট বিমানটি নিজস্ব ব্যবস্থাপনায় বিমানটি নিরাপদে অবতরণ করান। কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি এখন হ্যাঙ্গারে রয়েছে। সেটি বিমানের ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করার পর জানাবেন আসলে কী সমস্যা হয়েছে।

সারাবাংলা/এসজে/একে