Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ অনিবার্য— আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৮:৩৪ | আপডেট: ৪ জুন ২০২২ ২০:০২

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রীর অকূটনৈতিক বক্তব্য-কর্মকাণ্ড ক্রমাগত দেশকে অনাকাঙ্ক্ষিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

এছাড়াও, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর অবজ্ঞাপূর্ণ ও অমর্যাদাকর বয়ান জাতির জন্য চরম অপমানের নজির স্থাপন করেছে, তাই এখন জাতীয় স্বার্থেই তার পদত্যাগ অনিবার্য হয়ে পড়েছে বলে মনে করছেন আ স ম রব।

শনিবার (৪ জুন) রাজধানীর উত্তরার বাসায় ফেনী জেলার অর্ধশতাধিক নেতাকর্মীর জেএসডিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতকে কী প্রশ্ন করতে হবে তা লিখিত আকারে সাংবাদিকদের কাছে নোট দেওয়া শিষ্টাচার বহির্ভূত, বিশ্ব কূটনীতিতে বিরল এবং নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এর ফলাফলে চরম বিপর্যয় নেমে আসতে পারে। এসব ঘটনা হীরক রাজার দেশে সম্ভব, আধুনিক রাষ্ট্রে নয়।

বিজ্ঞাপন

জেএসডি সভাপতি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে সরকারের ক্ষোভ-রাগ-হতাশা প্রকাশ করা কূটনৈতিক রীতিনীতি পরিপন্থি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও জাতীয় নিরাপত্তা কৌশলসহ বহুমুখী সম্পর্ক বাড়াতে অবিরাম চেষ্টা চালিয়ে হঠাৎ প্রকাশ্যে বিষেদগার করা কোনোক্রমেই ভূ-রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ করবে না।

আ স ম রব আরও বলেন, রাষ্ট্রীয় সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজেকে এক কালের ‘রাষ্ট্রহীন’ বলে দাবি করে তাকে আশ্রয় এবং ঠিকানা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা জানান যা জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।

জেএসডি’তে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য হীরালাল চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ।

সারাবাংলা/এএইচএইচ/একেএম