Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সরোয়ার আলমগীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২৩:১৩ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ০৯:৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্পিকারের হাফিজ উদ্দিন আহমদ’র কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আনুষ্ঠানিকভাবে তাকে শপথবাক্য পাঠ করান।

এদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ অন্যান্য হুইপ ও সংসদ সদস্যরা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন (ইসি)। তারও আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পাঠ করান। এদিন শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর