ঢাকা: হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ সুগম হলো এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও প্রার্থিতা সংক্রান্ত আইনি জটিলতা থাকায় এতদিন তার গেজেট প্রকাশ আটকে ছিল। অবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ বলে রায় দিলে সব আইনি বাধা দূর হয়।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার আবেদন বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগে একই আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। জামায়াত প্রার্থীর আপিলের ভিত্তিতে কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। হাইকোর্ট তখন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হলে আদালত রায় দেন যে, তিনি নির্বাচন করতে পারলেও চূড়ান্ত আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে।
১২ ফেব্রুয়ারির ভোটে সারোয়ার আলমগীর প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। চূড়ান্ত রায়ের পর তার আইনজীবীরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী এখন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে এবং দ্রুতই তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।