Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি বাঙালিদের অবিলম্বে পাকিস্তানে পুনর্বাসনের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২৩:১৮ | আপডেট: ৩০ মে ২০২২ ০০:২২

ঢাকা: পাকিস্তানে বসবাসরত বাঙালি মুসলিমদের অবিলম্বে পুনর্বাসন ও সে দেশের জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ)।

রোববার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের (ন্যাপ বাংলাদেশ) মহাসচিব নেয়াজ আহমদ খান।

মানববন্ধনের প্রধান অতিথি ও ন্যাপ বাংলাদেশের মহাসচিব নেয়াজ আহমদ খান বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান তৈরিতে বাঙালি মুসলিমদের অবদান বেশি ছিল। তা সত্ত্বেও আজ পাকিস্তানে বাংলা ভাষাভাষি বাঙালি মুসলিমরা অবহেলিত ও উপেক্ষিত। আজও সেখানে বাঙালি মুসলিমদের ঘুষ দিয়ে জাতীয় পরিচয়পত্র বা শনাক্ত কার্ড ও পাসপোর্ট সংগ্রহ করতে হয়।

বিজ্ঞাপন

এরকম ঘটনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে পাকিস্তানি বাঙালিদের ঘরে ঘরে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়ার জন্য পাকিস্তান সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান নেয়াজ আহমদ খান। তিনি বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি পরিচয় দানকারী রিলিফখোর চক্রকে ইমিগ্রেশন আইনে গ্রেফতারের দাবিও জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঙালি মুসলমানদের দুর্দশা লাঘবে পাকিস্তানের সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তারা বাংলাদেশের অতিথিপরায়ণ জনগণকে বিশ্বের বাংলাভাষী মানুষের নেতা উল্লেখ করে বলেন, পাকিস্তান অবহেলিত ও নিপীড়িত বাঙালিদের সহযোগিতায় পাকিস্তান সরকারের কাছে সমস্যা তুলে ধরা ও সমস্যা সমাধানে হাত প্রসারিত করা আবশ্যক হয়ে পড়েছে।

বক্তারা বলেন, ২০০৩, ২০০৬ ও ২০০৮ সালে বিহারি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বিহারিদের বাংলাদেশ সরকার, জনগণ, নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও সব রাজনৈতিক দল মানবিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এজন্য কর্মসূচির আয়োজকরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে কৃতজ্ঞতা জানান। বক্তারা তাদের বক্তব্যে পাকিস্তানি বাঙালিদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মাদ রাজু, শেখ ইয়াসির, মো. শাবান, শেখ আলী ইমাম পাপ্পু, এ আলী মনা, আনোয়ার হোসেন, মাহতাব ভাসানী, আসমা বেগম, আরমান দিল্লিওয়ালা, সাব্বির, ফয়সাল ও শেখ আনিসুর রহমান বেচু।

সারাবাংলা/এএইচএইচ/টিআর