ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০০ অজ্ঞাতকে আসামি করে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রায় ৫০ ছাত্রদলকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
মামলার বিষয়ে ঢাবি প্রক্টর বলেন, ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বাদী হয়ে গতকাল (২৫ মে) ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতর বিরুদ্ধে এজহার দায়ের করেছে। পুলিশ তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেবে। তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয় আইনেও তাদের বিচার হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ নির্বাচন (সিনেট নির্বাচন) চলছিল। এমন দিনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ঘটনা অপ্রত্যাশিত। একইদিনে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ও সরকারি মালিকানার শিক্ষার্থীদের দুইটি বাসও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল টিমকে তথ্য সংগ্রহে পাঠানো হয়। ৩০০ থেকে ৪০০ জন হাইকোর্ট ও ঢামেকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসের দিকে এসে আক্রমণ করেছে। ঘটনার পরে তিনি নিজে গিয়ে ইটপাটকেল দেখেছেন এবং তথ্য পেয়েছেন বলে জানান অধ্যাপক গোলাম রব্বানী।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নষ্ট করা, সরকারি কাজে বাধা, নিরাপত্তা কর্মীদের মারধর, বাস ভাঙচুর করার অভিযোগে অজ্ঞাত তিনশ থেকে চারশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় ২ জনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।