Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে সাময়িক অব্যাহতি

খুবি করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২২ ১২:৩১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৪:৩৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই ডিসিপ্লিনেরই ২২ শিক্ষার্থী। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক বিটপ শোভন বাছাড়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। যদিও সব ঘটনাকে সাজানো ও ষড়যন্ত্র দাবি করছেন অভিযুক্ত শিক্ষক।

জানা যায়, ওই ডিসিপ্লিনের ২২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনের ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানি করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। যেসব ছাত্রীদের তিনি পছন্দ করেন তাদের বেশি সুযোগ-সুবিধা দেন। ফিগার পেইন্টিংয়ের ক্ষেত্রে ছাত্রীদের আপত্তিকর কথা বলতেন এবং সে অনুযায়ী কাজও করতে বলতেন। তিনি ছেলেদের কোনোভাবে সহ্য করতে পারতেন না।

অভিযোগে আরও জানানো হয়, বিভিন্নভাবে নিজেকে গুরু মানতে বাধ্য করার চেষ্টা করতেন ওই শিক্ষক। যেসব শিক্ষার্থী তার শিষ্যত্ব গ্রহণ করবেন তাদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানাতেন। ড্রয়িং ও পেইন্টিং শেখানোর ক্ষেত্রে এই গুরু-শিষ্য চর্চা সীমাবদ্ধ ছিল না। যারা শীষ্যত্ব গ্রহণ করবেন তাদের সবকিছু ত্যাগ করতে বলতেন তিনি। যখন-তখন তাকে সময় দিতে হবে এবং বয়ফ্রেন্ড থাকলে চলবে না বলেও শর্ত দিয়ে আসছেন তিনি।

ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের তার সঙ্গে একা দেখা করতে বলতেন। যদি কোনো ছাত্রী কাউকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতেন তাহলে ধমক দিয়ে বের করে দিতেন। এ ছাড়া ছাত্রীদের একা দেখলে জোর করে বাসায় পৌঁছে দেওয়ার অভিযোগও আছে।

অভিযোগে আরো জানা যায়, পরীক্ষার নাম্বার দেওয়ার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ রয়েছে। যারা ওই শিক্ষকের সঙ্গে কম যোগাযোগ করেন, তাদের কম নম্বর দেওয়া হয়। পছন্দের বাইরের কোনো শিক্ষার্থী প্রয়োজনে ফোন বা যোগাযোগ করলে সাহায্য করেন না।

তবে অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড়ের দাবি এ ধরনের কোনো কাজ তিনি করেননি। কারও ইন্ধনে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।

অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড় বলেন, ‘অভিযোগের ব্যাপারে তিনি বিস্তারিত জানি না। বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো পত্র দেওয়া হয়নি অভিযোগের ব্যাপারে। শুধু ডিসিপ্লিন প্রধান বরাবর সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের বিষয়ে বলেন, বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনে অনেক কিছুর প্রতিবাদ করায় এমন হঠাৎ অভিযোগ এসেছে মনে করি। এছাড়া কোনো ধরনের বাজে পলিটিক্সের শিকার হয়ে, শিক্ষার্থীরা কারও দ্বারা প্রভাবিত হয় এ ধরনের অভিযোগ করেছেন।

গুরু-শিষ্যের ব্যাপারে তিনি বলেন, শিক্ষার্থীরা আসলে এ টার্মই বুঝে না। যার জন্য তারা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।

এদিকে খুবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে।

এদিকে অপ্রীতিকর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, সব কিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অ‌ভি‌যোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডি‌সি‌প্লি‌নের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

সারাবাংলা/এসএসএ
বিজ্ঞাপন

আরো