ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য জানা গেছে। এরইমধ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোও হয়েছে।
জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের জন্য যোগ্যতার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০০৮। এই তারিখ বা তার আগে যাদের জন্ম, তারা ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিবন্ধিত হলে বা হয়ে থাকলে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৪ আগস্টের মধ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠ পর্যায়ের রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হবে। এরপর ৯ আগস্ট খসড়া তালিকাটি জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
প্রকাশিত তালিকার কোনো তথ্যে ভুল থাকলে বা কারও কোনো দাবি ও আপত্তি থাকলে, তা দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষ আগামী ২৭ আগস্টের মধ্যে এই আবেদনগুলো নিষ্পত্তি করবে এবং পরের দিন অর্থাৎ ২৮ আগস্টের মধ্যে সব সিদ্ধান্ত ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে। যাবতীয় প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকা প্রকাশের পর সেটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের আবেদন জানানোর জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারের নির্দেশনা দেয়া হয়েছে। এর অংশ হিসেবে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে ও পরে ঘোষণার ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক এবং ক্যাবল অপারেটরদের মাধ্যমেও এই তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে মুদ্রিত খসড়া তালিকায় পুরুষ ও নারী ভোটারের পারস্পরিক অদলবদল কিংবা ধর্ম সংক্রান্ত কোনো ভুলত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।